
দীঘিনালায় সেনা জোনের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ !
হাসান মোর্শেদ, দীঘিনালা (খাগড়াছড়ি) :
খাগড়াছড়ির দীঘিনালায় বন্যাকবলিত কবাখালী এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন। টানা চার দিনের বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে ত্রাণসামগ্রী বিতরণ করেছে দীঘিনালা সেনা জোন।
বুধবার (৮ জুলাই) দুপুরে পরিচালিত এ ত্রাণ কার্যক্রমের পাশাপাশি বন্যা পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।
দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল আমিন, এসইউপি, পিএসসি বন্যাকবলিত কবাখালী এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগ ও প্রয়োজনের বিষয়ে খোঁজখবর নেন এবং সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন। পরিদর্শনকালে কবাখালী কিন্ডারগার্টেন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া ১৫টি পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন জোন কমান্ডার। একই সঙ্গে তিনি বন্যাদুর্গত মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন। স্থানীয় সূত্রে জানা গেছে, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে খাগড়াছড়ি সদর, দীঘিনালা উপজেলার কবাখালী, মেরুং এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় অনেক পরিবার চরম দুর্ভোগে পড়েছে।