বিদ্যালয়ের ৮ শতক জমি উদ্ধারে জেলা প্রশাসকের হস্তক্ষেপ চাইলেন প্রধান শিক্ষক
আব্দুর রহমান, সাতক্ষীরা:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ৬২নং কিষাণ মজদুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রেকর্ডভুক্ত ৮ শতক জমি অবৈধভাবে দখল করে রাখার অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। ওই জমিতে ভবন ও দোকান নির্মাণের কারণে বিদ্যালয়ের মূল ভবনে প্রবেশের একমাত্র পথও বন্ধ হয়ে গেছে বলে দাবি করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

এ পরিস্থিতিতে দখল হওয়া জমি উদ্ধার এবং বিদ্যালয়ের প্রবেশপথ উন্মুক্ত করতে জেলা প্রশাসকের হস্তক্ষেপ চেয়ে আবেদন করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। রোববার (৫ জুলাই) সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে দেওয়া এক আবেদনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম এসব অভিযোগ করেন। আবেদনটি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে জমা দেওয়া হয়েছে। আবেদনে উল্লেখ করা হয়, বিদ্যালয়টির মোট রেকর্ডভুক্ত জমির পরিমাণ ৩৫ শতক। এর মধ্যে স্থানীয় একটি ভূমিগ্রাসী চক্র ৮ শতক জমি অবৈধভাবে দখল করে রেখেছে বলে অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে দখল করা জমির ৫ শতকের কাগজপত্র তৈরি করে বিদ্যালয়ের বিরুদ্ধে আদালতে একটি দেওয়ানি মামলা (নং-৩৮৭/২২) দায়ের করা হয়েছে বলেও দাবি করা হয়। বিদ্যালয় কর্তৃপক্ষের ভাষ্য, মামলাটি ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। বিদ্যালয় সূত্রে জানা যায়, বর্তমানে বিদ্যালয়ে ২০৬ জন শিক্ষার্থী এবং ৯ জন শিক্ষক রয়েছেন। অভিযোগ অনুযায়ী, দখল হওয়া জমিতে ভবন ও দোকান নির্মাণের ফলে বিদ্যালয়ের প্রধান প্রবেশপথ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। এতে শিক্ষার্থী ও শিক্ষকদের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে। পাশাপাশি দৈনিক সমাবেশ, খেলাধুলা এবং স্বাভাবিক পাঠদান কার্যক্রমও ব্যাহত হচ্ছে। আবেদনে আরও উল্লেখ করা হয়, গত ১ জুলাই জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রুহুল আমীন বিদ্যালয়টি সরেজমিন পরিদর্শন করেন।পরিদর্শনের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কালিগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে দাপ্তরিক নির্দেশনা দেওয়া হয়েছে। প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম তাঁর আবেদনে বিদ্যালয়ের দখল হওয়া ৮ শতক জমি উদ্ধার, অবরুদ্ধ প্রবেশপথ দ্রুত উন্মুক্ত করা এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বাভাবিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে জরুরি প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত