তারাগঞ্জে পচাগলা লাশের খুলি ও হাড় উদ্ধার !
মোঃ আলমগীর হোসেন লেবু,রংপুর :
রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের কুঠিপাড়ায় ডালিয়া ক্যানেলের ধারে একটি পাটক্ষেতের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির পচাগলা লাশের মাথার খুলি ও শরীরের বিভিন্ন অংশের হাড় উদ্ধার করেছে তারাগঞ্জ থানা পুলিশ। স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার (৩ জুলাই) দুপুরে ওই এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে তারা ঘটনাস্থলে গিয়ে ঝোপের ভেতরে লাশের মাথার খুলি ও শরীরের বিভিন্ন অংশের হাড় দেখতে পান এ সময় ঘটনাস্থলের পাশের ঝোপে একটি লুঙ্গি ও একটি পাঞ্জাবি পড়ে থাকতে দেখা যায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দীর্ঘদিন ধরে লাশটি সেখানে পড়ে থাকায় সেটি পচে-গলে যায়। এছাড়া শিয়াল বা কুকুর লাশের অধিকাংশ মাংস খেয়ে ফেলায় তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয়, বয়স বা অন্য কোনো তথ্য শনাক্ত করা সম্ভব হয়নি। স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে হত্যার পর তাকে ঝোপের ভেতরে ফেলে রেখে যায়। এ বিষয়ে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের অবশিষ্টাংশ উদ্ধার করেছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। জেলা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত