মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

রায়পুরে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে সহায়তা সামগ্রী বিতরণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

রায়পুরে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে সহায়তা সামগ্রী বিতরণ

মো. গিয়াস উদ্দিন,লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় অস্বচ্ছল, অসহায় ও প্রতিবন্ধী মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা রাজস্ব উন্নয়ন তহবিল ও বার্ষিক উন্নয়ন সহায়তা তহবিলের (২০২৫-২৬ অর্থবছর) আওতায় এসব উপকরণ তুলে দেওয়া হয়।

মঙ্গলবার উপজেলা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে হুইলচেয়ার, সেলাই মেশিন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। একই অনুষ্ঠানে রায়পুরের আলোচিত চার নারী হত্যাকাণ্ডে বেঁচে যাওয়া একমাত্র শিশু সিপাতের হাতে এক লাখ টাকার একটি অনুদানের চেক তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক এস. এম. মেহেদী হাসান। তিনি বলেন, “বার্ষিক উন্নয়ন তহবিলের মূল উদ্দেশ্যই হলো সমাজের সুবিধাবঞ্চিত, পিছিয়ে পড়া ও হতদরিদ্র মানুষের জীবনমান উন্নয়ন করা এবং তাদের স্বাবলম্বী করে গড়ে তোলা। সরকার এ লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে।”রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ, উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মইনুল ইসলাম এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তৌহিদ হোসেন।অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সরকারি এই সহায়তায় নিজেদের স্বাবলম্বী করার সুযোগ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন উপকারভোগীরা। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা আনুষ্ঠানিকভাবে উপকারভোগীদের হাতে সহায়তার সামগ্রীগুলো তুলে দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews