ইতিহাস চর্চা ও মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে বই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে !
শাহ আলম, টাঙ্গাইল:
টাঙ্গাইলে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. মো. আব্দুর রাজ্জাক রচিত ‘ইতিহাসে অমলিন স্মরণীয় দিন’ গ্রন্থের প্রকাশনা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন ২০২৬) সকাল ১০টায় টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘ছায়ানীড়’-এর আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতিবাচক চিন্তার মননশীল লেখক ও ছায়ানীড়ের সভাপতি ড. ইউসুফ খান। প্রধান বক্তা ছিলেন টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগারের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট কবি মাহমুদ কামাল। সংবর্ধিত অতিথি ছিলেন ‘ইতিহাসে অমলিন স্মরণীয় দিন’ গ্রন্থের লেখক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. মো. আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক বিভাগীয় প্রধান (অ্যানেসথেসিওলজি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ আল মামুন এবং বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার গোলাম নবী। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ছায়ানীড়ের প্রশাসনিক পরিচালক শাহানাজ রহমান, অধ্যাপক সাদি সালমান, ছবির লেখক আজমির রহমান খান ইউসুফ জাই , তারুণ্য তাওহীদ। সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ চাঁদ মিয়া, উপদেষ্টা, ছায়ানীড়। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের নির্বাহী পরিচালক অধ্যাপক লুৎফর রহমান। বক্তারা বলেন, ইতিহাসভিত্তিক গ্রন্থ নতুন প্রজন্মকে দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনা ও জাতীয় ঐতিহ্যের সঙ্গে পরিচিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাঁরা ইতিহাস সংরক্ষণে গবেষণাধর্মী লেখালেখি আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন। ছায়ানীড়ের নির্বাহী পরিচালক অধ্যাপক লুৎফর রহমান বলেন, “ইতিহাস বিকৃতির অপচেষ্টা রোধে গবেষণাভিত্তিক বই রচনা ও পাঠচর্চার কোনো বিকল্প নেই। নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।” সংবর্ধিত লেখক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. মো. আব্দুর রাজ্জাক বলেন, “একটি জাতির অগ্রযাত্রায় ইতিহাসের ভূমিকা অপরিসীম। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে দেশ গঠনের কাজে এগিয়ে আসতে হবে। আমার এ গ্রন্থ সেই চেতনা জাগ্রত করতেই রচিত হয়েছে।” অনুষ্ঠানে জেলার সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।