
রাজশাহীর ধোকড়াকুল,আদিবাসীর বাড়ি ভেঙ্গে জমি দখলের চেস্টা !
রমজান আলী,রাজশাহী :
রাজশাহীর পুঠিয়া উপজেলার ধোকড়াকুল মৌজায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একটি আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর, লুটপাট, বসতভিটার জায়গা দখল, পুকুরের মাছ ধরে নেওয়া এবং গাছপালা কেটে ফেলার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবার জানিয়েছে, ঘটনার পর থেকে তারা চরম নিরাপত্তাহীনতায় রয়েছে। অভিযোগ অনুযায়ী, গত ১২ জুন সকাল ১১টার দিকে একদল লোক সংঘবদ্ধভাবে তাদের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। ভুক্তভোগী রাসন্তি জানান, পৈতৃক জমিতে দীর্ঘদিন ধরে বসবাস করলেও প্রতিপক্ষ এসে তাদের বাড়িঘর ভেঙে ফেলে এবং ঘরে থাকা টাকা-পয়সা নিয়ে যায়। আরেক ভুক্তভোগী কাকলি বলেন, বিষয়টি আলোচনার মাধ্যমে নিষ্পত্তির কথা থাকলেও প্রতিপক্ষ কোনো আলোচনা ছাড়াই বাড়িতে হামলা চালায়। তাদের দাবি, জমি ক্রয়ের বৈধ দলিল থাকা সত্ত্বেও জোরপূর্বক জমি দখলের চেষ্টা করা হচ্ছে। ভুক্তভোগী বাবলু সরকার বলেন, হামলার সময় তারা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে পুলিশ আসার আগেই অভিযুক্তরা পালিয়ে যায়। পরে থানায় অভিযোগ দেওয়া হলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। অভিযোগে বলা হয়, ঘটনার দিন প্রতিপক্ষের লোকজন সংঘবদ্ধভাবে জমিতে প্রবেশ করে নির্মিত বসতঘর ভেঙে ফেলে। এ সময় ঘরে থাকা নগদ এক লাখ টাকা ও প্রায় ৭০ হাজার টাকা মূল্যের স্বর্ণালঙ্কার নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে। বাধা দিতে গেলে পরিবারের সদস্যদের মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও দাবি করা হয়েছে। পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”