
লাইভ ভিডিওর অভিযোগে সরেজমিনে তদন্তে প্রতিমন্ত্রী রাজিব আহসান, কাজের মান বজায় রাখতে কঠোর নির্দেশনা ।
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আন্দামানিক ইউনিয়ন থেকে হিজলা উপজেলা পর্যন্ত সংযোগ সড়কের সংস্কার কাজ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একটি লাইভ ভিডিওকে কেন্দ্র করে সরেজমিনে তদন্তে আসেন স্থানীয় সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌপরিবহন এবং সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসান। গত ১৬ জুন ২০২৬ (মঙ্গলবার) ওই সড়কের সংস্কার কাজ চলাকালে স্থানীয় এক ব্যক্তি তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে কাজের অনিয়মের অভিযোগ তুলে একটি লাইভ ভিডিও প্রচার করেন। ভিডিওটি প্রতিমন্ত্রী রাজিব আহসানের নজরে এলে তিনি বিষয়টির প্রকৃত অবস্থা যাচাই করতে ঢাকা থেকে সরাসরি ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় লাইভ ভিডিও প্রচারকারী ব্যক্তির উপস্থিতিতে সড়ক ও জনপদ বিভাগের বরিশাল বিভাগের বিভাগীয় প্রকৌশলী, জেলার নির্বাহী প্রকৌশলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সড়কের কাজ পরিদর্শন করেন এবং চলমান কাজের বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেন। সংশ্লিষ্ট প্রকৌশলীরা জানান, ওই সড়কে ১২ মিলিমিটার কার্পেটিং কাজ চলছিল। কার্পেটিংয়ের ক্ষেত্রে বিটুমিন মিশ্রিত পাথর সম্পূর্ণভাবে জমাট বেঁধে শক্ত হতে সাধারণত কমপক্ষে ৭২ ঘণ্টা সময় প্রয়োজন হয়। এই প্রযুক্তিগত বিষয়টি সম্পর্কে পূর্বে অবগত না থাকায় লাইভ ভিডিও প্রচারকারী ব্যক্তি কাজের মান নিয়ে ভুল ধারণা পোষণ করেছিলেন। প্রকৌশলীদের কাছ থেকে বিষয়টির বিস্তারিত ব্যাখ্যা এবং প্রকৃত অবস্থা সম্পর্কে অবগত হওয়ার পর ওই ব্যক্তি জনসম্মুখে তার ভুল বোঝাবুঝির জন্য দুঃখ প্রকাশ করেন। পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী রাজিব আহসান সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, উন্নয়ন কাজের ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না। তিনি সড়কের গুণগতমান অক্ষুণ্ণ রেখে নির্ধারিত মানদণ্ড অনুসরণ করে কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতি কঠোর নির্দেশনা প্রদান করেন।