
গোবিন্দগঞ্জের সাপমারা ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে হাইকোর্টের নির্দেশ, ৩০ দিনের মধ্যে আবেদন নিষ্পত্তির আদেশ !
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ৫ নং সাপমারা ইউনিয়ন পরিষদের স্থগিত নির্বাচন আয়োজনের বিষয়ে আবেদন নিষ্পত্তি করতে বাংলাদেশ নির্বাচন কমিশনকে ৩০ দিনের সময় বেঁধে দিয়েছেন হাইকোর্ট। বাংলাদেশের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ বুধবার (২১ মে) এ আদেশ দেন। মো. এনামুল হকের দায়ের করা ২০২৬ সালের রীট পিটিশন নং-৬৮৭৮ এর শুনানি শেষে আদালত এ নির্দেশনা প্রদান করেন। আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুল আলম। রাষ্ট্রপক্ষে শুনানি করেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আবিদ চৌধুরী, ডিএজি এম মহিউদ্দিন ইউসুফ এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মনজুর এলাহী পরাগ, আরিফুল আলম, নাজমুল হাসান চৌধুরী ও মো. শহিদুল ইসলাম। রীট আবেদনে উল্লেখ করা হয়, ২০২৪ সালে সাপমারা ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ২০২৪ সালের ২৩ জুলাই জারিকৃত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচন স্থগিত করা হয়। এরপর দীর্ঘ সময় অতিবাহিত হলেও নির্বাচন অনুষ্ঠানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করেনি। এ অবস্থায় আবেদনকারী গত ১৭ মে ২০২৬ তারিখে বাংলাদেশ নির্বাচন কমিশনের কাছে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন করেন। কিন্তু ওই আবেদনেরও কোনো নিষ্পত্তি না হওয়ায় তিনি হাইকোর্টে রীট দায়ের করেন। শুনানি শেষে আদালত পর্যবেক্ষণ করেন যে, ইউনিয়ন পরিষদে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় স্থানীয় জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হচ্ছেন এবং বিভিন্ন ধরনের নাগরিক সেবায় দুর্ভোগের শিকার হচ্ছেন। পরে হাইকোর্ট কোনো রুল জারি না করে বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারকে আবেদনকারীর ১৭ মে ২০২৬ তারিখের আবেদনটি আইন অনুযায়ী আদেশ প্রাপ্তির ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশ দেন। আদেশটি অবিলম্বে সংশ্লিষ্ট পক্ষগুলোকে জানাতে নির্দেশ দিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com