
১৮০ বিঘা সবুজ মাঠে নেই একটিও কুমড়া, সর্বস্বান্ত কৃষক সাজ্জাদ ।
১৮০ বিঘা জমিজুড়ে সবুজের বিস্তার। লতায় লতায় ভরা মাঠ। দূর থেকে দেখলে মনে হবে, এ যেন এক কৃষকের স্বপ্নের রাজ্য। অথচ সেই সবুজের বুকেই আজ লুকিয়ে আছে নিঃস্ব এক মানুষের দীর্ঘশ্বাস। পঞ্চগড়ের বোদা উপজেলার লাঙ্গল গ্রামের কৃষক সাজ্জাদ হোসেন। আলুতে লোকসানের ক্ষত পুষিয়ে নিতে ঋণ করে ও অন্যের জমি চুক্তিতে নিয়ে ১৮০ বিঘা জমিতে চাষ করেন মিষ্টি কুমড়া। ভালো ফলনের আশ্বাসে স্থানীয় ব্যবসায়ী রাসেল হোসেনের পরামর্শে আলমগীর সিড কোম্পানির ‘ব্যাংকক সুইট-২’ জাতের বীজ রোপণ করেন তিনি। কোম্পানির দাবি ছিল, প্রতি একরে মিলবে ১৯ থেকে ২০ মেট্রিক টন ফলন। সেই স্বপ্ন নিয়েই দিনরাত পরিশ্রম করেন সাজ্জাদ। সেচ, সার, কীটনাশক, পরিচর্যা সবকিছুই ছিল নিয়মমাফিক। কিন্তু তিন মাস পেরিয়ে গেলেও গাছে ফুটেছে শুধু ফুল, ধরেনি একটিও কুমড়া। কৃষক সাজ্জাদ হোসেনের দাবি, এ ঘটনায় তার প্রায় ১ কোটি ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ইতোমধ্যে বিনিয়োগ করেছেন প্রায় ৪০ লাখ টাকা। এখন পাওনাদারদের চাপে একপ্রকার পালিয়ে বেড়াতে হচ্ছে তাকে। অন্যদিকে, ক্ষেতে কাজ করা দিনমজুর ললিতা বালা, রফিকুল ইসলাম ও উমাপদ রায় জানান, সাজ্জাদ আগে নিয়মিত মজুরি পরিশোধ করতেন। কিন্তু এবার মাঠে ফল না আসায় শ্রমিকদের পাওনা টাকাও দিতে পারছেন না। তাদের ভাষায়, “এত বড় মাঠে একটা কুমড়াও নাই।” এ ঘটনায় জেলা প্রশাসক, কৃষি বিভাগ ও বীজ প্রত্যয়ন বিভাগে লিখিত অভিযোগ করেন সাজ্জাদ। জেলা কৃষি বিভাগের উপপরিচালক আব্দুল মতিন প্রাথমিকভাবে স্থানীয় আবহাওয়া ও মাটির বিষয়কে কারণ হিসেবে উল্লেখ করলেও, আশপাশের অন্য জমিতে ভালো ফলন হওয়ায় সেই ব্যাখ্যা মানতে নারাজ স্থানীয় কৃষকরা। এদিকে, আলমগীর সিড কোম্পানির মালিক আলমগীর হোসেন অভিযোগ অস্বীকার করে উল্টো প্রমাণ চান। পরে প্রমাণের কথা বলতেই ফোন কেটে দেন তিনি। তবে সরেজমিন তদন্ত শেষে জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা শামীম হোসেন জানিয়েছেন, নিম্নমানের বা ভেজাল বীজ সরবরাহের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। কৃষকের ক্ষতির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি।সবুজে মোড়া সেই মাঠে আজ নেই কোনো ফল। আছে শুধু ঋণের বোঝা, শ্রমিকের বকেয়া আর এক কৃষকের ভেঙে যাওয়া স্বপ্নের গল্প।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com