
লক্ষ্মীপুরে কৃষকদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত।
লক্ষ্মীপুর সদর উপজেলায় গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস (GAP) বা উত্তম কৃষি চর্চা বিষয়ক দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ ও সার্টিফিকেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলার খামারবাড়ি কৃষক প্রশিক্ষণ হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ৩০ জন কৃষক-কৃষাণী অংশ নেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, লক্ষ্মীপুর সদর-এর আয়োজনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, লক্ষ্মীপুর জেলার উপপরিচালক কৃষিবিদ জহির আহমেদ।
তিনি বলেন, নিরাপদ ও মানসম্মত ফসল উৎপাদনে উত্তম কৃষি চর্চা (GAP) অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে কৃষিপণ্যের গুণগত মান বৃদ্ধি পায় এবং বাজারজাতকরণ সহজ হয়। তিনি জেলায় কৃষি উৎপাদন ও বিপণনে GAP পদ্ধতির গুরুত্ব তুলে ধরেন। দিনব্যাপী প্রশিক্ষণে উত্তম কৃষি চর্চার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন কৃষিবিদ মোহাম্মদ মঞ্জুর হোসেন, ডিটিও, লক্ষ্মীপুর। প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন কৃষিবিদ মোহাম্মদ সাইফুল ইসলাম, এডিডি (শস্য), লক্ষ্মীপুর। এছাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাসান ইমাম কৃষি শ্রমিকদের স্বাস্থ্য, নিরাপত্তা ও কল্যাণ বিষয়ে আলোচনা করেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী ৩০ জন কৃষক-কৃষাণীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়।