পঞ্চগড়ে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন।
“আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ, জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহে পালিত হয়েছে আন্তর্জাতিক নার্স দিবস।
মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল চত্বর থেকে নার্সিং কর্মকর্তা, কর্মরত নার্স এবং পঞ্চগড় নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন পঞ্চগড় জেলা শাখার সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড় হয়ে পুনরায় হাসপাতাল প্রাঙ্গণে এসে সমাপ্ত হয়। র্যালিতে হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীরাও অংশ নেন।
পরে সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক মোছা. আমেনা খাতুনের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজা বেগম রিনা। সভায় আরও বক্তব্য দেন হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (অ্যানেস্থেসিয়া) ডা. মনসুর আলমসহ নার্সিং কর্মকর্তারা। আলোচনায় বক্তারা স্বাস্থ্যসেবার সামনের সারিতে থাকা নার্সদের অবদান, দায়িত্ববোধ এবং মানবিক সেবার গুরুত্ব তুলে ধরেন। নার্সদের পেশাগত সক্ষমতা বৃদ্ধি, মর্যাদা ও সুযোগ সম্প্রসারণের প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়।
আধুনিক নার্সিং সেবার পথিকৃৎ ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মবার্ষিকীকে ঘিরে প্রতিবছরের মতো বাংলাদেশসহ বিশ্বজুড়ে পালিত হয় এই দিনটি। এবারের আয়োজনও সেই অঙ্গীকারকে নতুন করে স্মরণ করিয়ে দিল- মানবতার সেবায় নার্সদের ভূমিকা অনন্য, আর তাদের ক্ষমতায়নই একটি সুস্থ ভবিষ্যতের ভিত্তি।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত