হাটহাজারী বন বিভাগের চৌহদ্দির মধ্যে প্রবেশে সাংবাদিকদের অনুমতি নিতে হবে বলে মন্তব্য করেছেন হাটহাজারী ফরেস্ট বিট কাম চেক স্টেশনের স্টেশন কর্মকর্তা লুৎফর রহমান। এ ঘটনাকে কেন্দ্র করে গণমাধ্যমকর্মীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়।
বৃহস্পতিবার (৭ মে) সকালে গণমাধ্যমকর্মীরা হাটহাজারী ফরেস্ট বিট কাম চেক স্টেশনে জব্দকৃত কাঠের পরিমাণ সম্পর্কে তথ্য নিতে গেলে এ ঘটনা ঘটে। সাংবাদিকদের দাবি, শুরুতেই কর্মকর্তা তাদের কাছে জানতে চান, “আপনারা কোন লিস্টে আছেন?” পরে তিনি বলেন, “এখানে অনেকেই মাসোহারা নেন। আপনারা কোন দলে আছেন?” সাংবাদিকরা জানান, তারা জব্দকৃত কাঠের পরিমাণ ও সংশ্লিষ্ট বিষয়ে বক্তব্য নিতে গেলে লুৎফর রহমান উত্তেজিত আচরণ করেন। তিনি প্রশ্ন তোলেন, “এখানে ঢুকতে আপনারা কার অনুমতি নিয়েছেন?” এছাড়া সাংবাদিকরা অনুমতি ছাড়া ছবি তুলেছেন বলেও অভিযোগ করেন তিনি। এ সময় তিনি দাবি করেন, “এটা আইনে নিষিদ্ধ।” অভিযোগ রয়েছে, এ সময় লুৎফর রহমান ও তার সঙ্গে থাকা আরও কয়েকজন কর্মকর্তা সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। গণমাধ্যমকর্মীদের ভাষ্য অনুযায়ী, প্রথমে স্টেশন কর্মকর্তা অফিসে উপস্থিত ছিলেন না। পরে মুঠোফোনে যোগাযোগ করে তাকে অফিসে আসতে বলা হলে তিনি এসে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন। একপর্যায়ে তিনি বলেন, “আমার অনেক বন্ধু ভালো ভালো পত্রিকায় কাজ করেন। তাই আমি কোনো সাংবাদিকের সঙ্গে কথা বলার আগে তাদের সঙ্গে কথা বলে জানাব।” এ ঘটনায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিষয়টি সম্পর্কে জানতে চাইলে চট্টগ্রাম উত্তর বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, “তথ্য ও বক্তব্যের জন্য সাংবাদিকরা যেকোনো দপ্তরে যেতে পারেন। কোনো দপ্তরে যেতে অনুমতি লাগে—এমন কোনো নিয়ম আমার জানা নেই। সাংবাদিকদের সঙ্গে এ ধরনের দুর্ব্যবহার করা ঠিক হয়নি।”
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত