কুমিল্লার মেঘনা উপজেলায় তীব্র বিদ্যুৎ সংকট ও ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। অসহনীয় গরমের মধ্যে দিন-রাতের অধিকাংশ সময় বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
স্থানীয়দের অভিযোগ, উপজেলার বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টার মধ্যে ১৪ থেকে ১৬ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না। দীর্ঘ সময় বিদ্যুৎহীনতায় অনেকেই প্রহর গুনছেন কখন আবার বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হবে।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে জানা যায়, ঘন ঘন বিদ্যুৎ বিচ্ছিন্নতার কারণে ব্যবসা-বাণিজ্যে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়েছে। বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন। বিদ্যুৎ না থাকায় অনেক দোকানপাট নির্ধারিত সময়ের আগেই বন্ধ করতে বাধ্য হচ্ছেন ব্যবসায়ীরা।
এদিকে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় স্বাভাবিক জীবনযাত্রা প্রায় অচল হয়ে পড়েছে। বাসা-বাড়িতে ফ্রিজে সংরক্ষিত মাছ-মাংস নষ্ট হয়ে যাচ্ছে। গরমে অতিষ্ঠ হয়ে পড়ছেন শিশু ও বয়স্করা। অনেকেই চর্মরোগসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
এলাকাবাসীর অভিযোগ, ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় তারা চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। দ্রুত পরিস্থিতির উন্নতি না হলে জনদুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।
এ বিষয়ে উপজেলা সাব-জোনাল অফিসের কর্মকর্তা (এজিএম) মোঃ আল মামুন (সবুজ) জানান, বর্তমানে দেশজুড়ে বিদ্যুৎ ঘাটতি রয়েছে। মেঘনা উপজেলায় চাহিদা অনুযায়ী প্রায় ১১ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন হলেও সরবরাহ রয়েছে মাত্র ৫ মেগাওয়াট। ফলে ঘাটতি পূরণে বাধ্য হয়ে লোডশেডিং করতে হচ্ছে।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত