প্রিন্ট এর তারিখঃ জুলাই ২০, ২০২৬ || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৯, ২০২৬
ফরহাদ হোসেন আজাদ প্রতিমন্ত্রী হওয়ায় বোদা-দেবীগঞ্জে আনন্দের জোয়ার
প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ। বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে তিনি শপথ গ্রহণ করেন। বিএনপি জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে সরকার ও মন্ত্রীসভা গঠন করা হলে ফরহাদ হোসেন আজাদ কে প্রতিমন্ত্রীয় দায়িত্ব প্রদান করা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-২ আসন থেকে নির্বাচিত হয়েছে ফরহাদ হোসেন আজাদ। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এবং পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
পঞ্চগড়-২ আসন থেকে প্রথমবার নির্বাচনে জয়ী হয়েই ফরহাদ হোসেন আজাদ স্থান পেয়েছেন মন্ত্রিসভায়। তিনি পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় বোদা-দেবীগঞ্জে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দের জোয়ার দেখা যায়। আনন্দ মিছিল সহ সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁকে অভিনন্দন জানিয়ে পোস্ট দেন দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা। দুই উপজেলার সাধারণ মানুষের মধ্যেও দেখা গেছে ব্যাপক প্রত্যাশা ও আশাবাদ।
বোদা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ বলেন, স্বাধীনতার পর বিএনপি থেকে আমরা কোনো মন্ত্রী পাইনি এবারই প্রথম। আশা করছি, আমাদের অত্যন্ত দক্ষ নেতা ফরহাদ হোসেন আজাদের হাত ধরেই এবার এলাকার উন্নয়ন ঘটবে। তার প্রতিমন্ত্রী হওয়ার খবরে এলাকার মানুষ খুবই খুশি। বোদা উপজেলার নগরকুমারী গ্রামের বাসিন্দা খোরশেদ আলম বলেন, ‘ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়-২ আসন পুনরুদ্ধার করেছেন। তিনি পানি সম্পদ প্রতিমন্ত্রী হওয়ায় আমরা আশা করছি, আমাদের এলাকায় ব্যাপক উন্নয়ন হবে।’বোদা বাজারের ব্যবসায়ী আবু হারুন সবুজ বলেন, ‘আজ বোদায় একটা উৎসবের আমেজ ছিল। সবাই আনন্দ করছে। আমরা নিজের এলাকার মানুষকে প্রতিমন্ত্রী হতে দেখে খুশি।’ পঞ্চগড়-২ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ১ লাখ ৭৪ হাজার ৬৫০ ভোট পেয়ে জয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ফরহাদ হোসেন আজাদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সফিউল আলম ১ লাখ ২৮ হাজার ৮৬২ ভোট পেয়েছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত