গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে পুনরায় ভোটগ্রহণের দাবি জানিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী (জিয়া)। আজ রোববার দুপুরে গাইবান্ধা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে ডাঃ জিয়া অভিযোগ করেন, নির্বাচনের দিন পরিকল্পিতভাবে ‘ভোট ইঞ্জিনিয়ারিং’ ও জালিয়াতির মাধ্যমে তাকে পরাজিত করা হয়েছে। তিনি দাবি করেন, উপজেলার অন্তত ৫০-৬০টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হওয়ার আগেই প্রিজাইডিং কর্মকর্তারা ধানের শীষের পোলিং এজেন্টদের কাছ থেকে ফলাফল শিটে অগ্রিম স্বাক্ষর নিয়ে নেন। এমনকি অনেক কেন্দ্রে এজেন্টদের স্বাক্ষর ছাড়াই ফলাফল প্রকাশ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে বিএনপি প্রার্থী কিছু সুনির্দিষ্ট অনিয়মের কথা তুলে ধরেন:অগ্রিম স্বাক্ষর গ্রহণ: বামনডাঙ্গা এম এম মনোমোহনী উচ্চ বিদ্যালয়সহ (কেন্দ্র নং-৪০) বেশ কিছু কেন্দ্রে ভোট শুরুর আগেই এজেন্টদের কাছ থেকে স্বাক্ষর নেওয়ার প্রমাণ পাওয়ার দাবি করেন তিনি। বিভিন্ন কেন্দ্রে ধানের শীষের পোলিং এজেন্টদের ভয়ভীতি দেখিয়ে কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ তোলা হয়।ফলাফল টেম্পারিং: ডিজিটাল বা ম্যানুয়াল কারচুপির মাধ্যমে ধানের শীষের বিজয় ছিনিয়ে নিয়ে 'দাঁড়িপাল্লা' প্রতীকের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
"আমি মনে করি এটি একটি সুপরিকল্পিত ভোট ইঞ্জিনিয়ারিং। সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করলেই আমার অভিযোগের সত্যতা মিলবে। জনগণের প্রকৃত রায় ছিনতাই করা হয়েছে।" অধ্যাপক ডাঃ খন্দকার জিয়াউল ইসলাম পুনরায় ভোটের দাবি সংবাদ সম্মেলন থেকে অধ্যাপক ডাঃ জিয়া ঘোষিত ফলাফল বাতিলের জোর দাবি জানান। একইসঙ্গে স্বচ্ছতা নিশ্চিত করতে সিসিটিভি ফুটেজ প্রকাশ এবং ওই আসনে পুনরায় সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট গ্রহণের জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com