আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ২০২৬ সালের গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন করেছেন ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি ও কুমিল্লা এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ নাজিম-উদ-দৌলা, এসপিপি, এনডিসি, পিএসসি, পিএইচডি।
আজ সোমবার (০২ ফেব্রুয়ারি) দিনব্যাপী সফরের অংশ হিসেবে তিনি জেলা প্রশাসন ও সামরিক-অসামরিক কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় মিলিত হন। সকালে জিওসি ব্রাহ্মণবাড়িয়ায় পৌঁছালে তাঁকে স্বাগত জানান ১০১ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মেহেদী হাসান চৌধুরী, পিএসসি। সেখানে তিনি এলাকার বর্তমান নিরাপত্তা পরিস্থিতি ও আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে গৃহীত পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত ব্রিফিং গ্রহণ করেন।
এরপর সার্কিট হাউজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমন্বয় সভায় মেজর জেনারেল নাজিম-উদ-দৌলা বলেন, “একটি উৎসবমুখর ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে সামরিক ও অসামরিক প্রশাসনকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। জনগণের জানমালের নিরাপত্তা এবং ভোটাধিকার নিশ্চিত করতে সেনাবাহিনী সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় কোনো ধরনের আপস করা হবে না।”
উক্ত সভায় ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক, পুলিশ সুপার, র্যাব (RAB), বিজিবি (BGB), এনএসআই (NSI) এবং আনসার ও ভিডিপিসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি এবং সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা জোরদারের বিষয়ে বিশদ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
পরবর্তীতে জিওসি নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে মোতায়েন করা সেনাসদস্যদের সাথে কথা বলেন এবং তাদের শৃঙ্খলা ও আন্তঃবাহিনীর মধ্যে শক্তিশালী যোগাযোগ বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশ দেন। সংশ্লিষ্ট মহলের মতে, উচ্চপদস্থ এই সামরিক কর্মকর্তার সরাসরি তদারকি ও সমন্বিত উদ্যোগ আসন্ন নির্বাচনে জেলায় একটি শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে কার্যকর ভূমিকা পালন করবে।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত