আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় স্থানীয় বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে ইউরোপীয় ইউনিয়ন (EU) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধি দল। সোমবার (২৬ জানুয়ারি) রাতে জেলা শহরের কাউতলী মোড় এলাকায় এই সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রোটারি ক্লাব ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধি আশিক, সামাজিক সংগঠন 'ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া'র সদস্য সচিব শেখ আরিফ বিল্লাহ এবং জাতীয় সাংবাদিক সংস্থা ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শেখ সাদী সুমন। বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা ব্রাহ্মণবাড়িয়া বিভিন্ন আসনের নির্বাচনী পরিবেশ, ভোটারদের নিরাপত্তা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় স্থানীয় সামাজিক সংগঠন ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পর্যবেক্ষক দলটি স্থানীয় সাংবাদিকদের কাছ থেকে নির্বাচনী প্রচারণার বর্তমান পরিস্থিতি এবং আইন-শৃঙ্খলা অবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ করেন।
এ সময় স্থানীয় প্রতিনিধিরা জেলার নির্বাচনী চিত্র এবং সাধারণ মানুষের প্রত্যাশার কথা বিদেশি পর্যবেক্ষকদের কাছে তুলে ধরেন। তারা আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের এই তৎপরতা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন পর্যবেক্ষণের জন্য ইউরোপীয় ইউনিয়ন দেশজুড়ে ২০০ জনেরও বেশি পর্যবেক্ষক নিয়োগ করেছে। এরই অংশ হিসেবে দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক দলটি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের ৬৪টি জেলায় মাঠ পর্যায়ে অংশীজনদের সাথে নিয়মিত যোগাযোগ ও তথ্য সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছে।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত