নারী শিক্ষার অগ্রযাত্রায় মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধিতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) সকালে সদর উপজেলার রেহাইচর বালিকা উচ্চ বিদ্যালয়ে “নারী শিক্ষার অগ্রযাত্রায় মাদকমুক্ত সমাজের ভূমিকা” শীর্ষক এ সচেতনতামূলক সেমিনার আয়োজন করা হয়।
সকাল ১১টায় শুরু হওয়া সেমিনারে সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার। তিনি মাদকদ্রব্যের ভয়াবহ সামাজিক ক্ষতিকর প্রভাব তুলে ধরে বলেন, নারী শিক্ষার বিকাশের মাধ্যমেই একটি সচেতন, নৈতিক ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। এ ক্ষেত্রে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য বলে তিনি মন্তব্য করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেহাইচর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহা: হাসান আলী। এছাড়াও বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী সেমিনারে অংশগ্রহণ করেন। সেমিনারের অংশ হিসেবে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী কুইজ প্রতিযোগিতা, শপথ বাক্য পাঠ এবং লাল কার্ড প্রদর্শনের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে মাদকবিরোধী স্লোগান সংবলিত উপহার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মাঝে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত