মুন্সিগঞ্জ সদরের পূর্ব শীলমন্দি এলাকায় সুমল লাল নামের এক ব্যক্তির গোডাউন ঘরে অভিযান চালিয়ে একটি অবৈধ দেশীয় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে সেনাবাহিনী ও পুলিশ।
গত সোমবার (১০ নভেম্বর) গভীর রাতে মুন্সিগঞ্জ সদর আর্মি ক্যাম্পের সেনাবাহিনীর টহল দল এবং পুলিশের একটি টহল দলের সমন্বয়ে পরিচালিত এই যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম ও যন্ত্রপাতি উদ্ধার করা হয়।
সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেড-এর অধীনে মুন্সীগঞ্জ সদর আর্মি ক্যাম্প কর্তৃক এই অভিযান পরিচালিত হয়।
জানা গেছে, মুন্সিগঞ্জ সদর উপজেলায়, বিশেষ করে চর সংলগ্ন অঞ্চলসমূহে স্থানীয় আধিপত্যকে কেন্দ্র করে প্রায় সময়ই অবৈধ অস্ত্র ও ককটেল জাতীয় বিস্ফোরক ব্যবহার করা হয়ে থাকে।
গোয়েন্দা সূত্রের বরাতে যৌথবাহিনীর প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ধার হওয়া এই কারখানা থেকে আসন্ন জাতীয় নির্বাচন এবং ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক কার্যক্রম পরিচালনার জন্য অস্ত্র সরবরাহ করার পরিকল্পনা ছিল। একইসঙ্গে সাম্প্রতিক সময়ে মোল্লাকান্দি ইউনিয়নে সংঘটিত সংঘর্ষে ব্যবহৃত অস্ত্রের সরবরাহও এই স্থান থেকে করা হয়েছিল। উদ্ধারকৃত সরঞ্জামাদি পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।









