মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা বাউফলে প্রধানমন্ত্রীর ছবির উপর অশালীন ও কুরুচিপূর্ণ লেখার অভিযোগ ঘোড়াঘাটে হারপেস ইনফেকশন ব্যবস্থাপনা বিষয়ক সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রথা বিলুপ্ত ও চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজপথে নামার আলটিমেটাম অসুস্থ ও অসহায় পরিবারের  পাশে দাঁড়ানোর   আহ্বান, এমপি কাজলের ! হাটহাজারীতে বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, কমিউনিটি সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা !  নির্বাচন কমিশনারের পদত্যাগ ও পুনঃতফসিলের দাবিতে সংবাদ সম্মেলন শেরপুরে জোর পূর্বক জমি দখলের চেষ্টা আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

শতায়ু অঙ্গনের শরীর চর্চার প্রাণপুরুষ: বাটালি হিলের ভোরবেলার মাধুর্যে এক জাহিদের গল্প

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

এই দৃশ্য কোনও মার্শাল আর্ট কিংবা কেরাটের প্রশিক্ষণ নয়। এটি এক উজ্জ্বল সকালের শরীরচর্চার অভ্যুদয়, যেখানে মানুষগুলো তাদের দিন শুরু করে প্রাণভরে নিঃশ্বাস নিয়ে, পেশি প্রসারিত করে, এবং অন্তরের হাসি ছড়িয়ে দেয় চারপাশে। ছবিটি চট্টগ্রামের বাটালি হিলের উঁচুতে অবস্থিত ‘শতায়ু অঙ্গন’-এর। এখানে প্রতিদিন সূর্যোদয়ের আগে থেকেই শুরু হয় জীবনের সঙ্গে এক নতুন আত্মিক চুক্তি—সুস্থ থাকার, সজীব থাকার, এবং মানসিক প্রশান্তির পথে এগিয়ে চলার। আর এই প্রাতর্ভ্রমণ ও ব্যায়ামের যাত্রাপথের কান্ডারী হলেন আমাদের প্রিয় ডা. জাহিদ ভাই। ডা. জাহিদের পরিচয় শুধুমাত্র একজন চিকিৎসক হিসেবে নয়; তিনি হচ্ছেন এক অনন্য প্রেরণার উৎস। তার বাড়ি ফরিদপুরে হলেও, আজ প্রায় এক দশক ধরে তিনি চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্র বাটালি হিলের এই ব্যায়ামচর্চার উদ্যোক্তা, প্রশিক্ষক ও অভিভাবকের ভূমিকা পালন করে চলেছেন। ফজরের নামাজ শেষে যখন শহর ঘুমিয়ে থাকে, তখন তিনি বেটার গলি থেকে হেঁটে চলে আসেন শতায়ু অঙ্গনের মাঠে, যেন প্রকৃতির কোলে শরীরচর্চার পবিত্র আসরে সবার আগে হাজির হন। তার ব্যায়ামের ধারা কখনো একঘেয়ে নয়। হাসি, গল্প, ঠাট্টা আর বন্ধুত্বের মাঝে মিশে থাকে ৫০ মিনিটের প্রাণবন্ত শরীরচর্চা। একঘেয়েমি কিংবা ক্লান্তি—এই শব্দগুলো যেন তার ক্লাসে প্রবেশই করতে পারে না। এমন প্রাণবন্ত প্রশিক্ষণ শুধু একজন চিকিৎসকের কাছ থেকেই সম্ভব, যিনি শরীরকে যেমন চেনেন, তেমনি বোঝেন মনের ভাষাও।
জাহিদের মধ্যে রয়েছে আধ্যাত্মিকতা ও মানবিকতার মেলবন্ধন। তার মুখে সদা হাসি, চোখে মায়ার ঝিলিক, আচরণে শিষ্টতা আর কথাবার্তায় এক সহজ অথচ গভীর হৃদয়গ্রাহী সুর। আমাদের মধ্যে অনেকেই প্রথমে চিকিৎসকের পরামর্শে শরীরচর্চা শুরু করলেও পরে তা পরিণত হয়েছে অভ্যাসে, একরকম নেশায়। জাহিদের হাত ধরে সেই নেশা হয়ে উঠেছে নির্ভরতার, আত্মবিশ্বাসের, এবং ভালো থাকার এক মহৌষধ।
আজ যখন শহরের প্রতিটি কোণেই জিমের নামে অর্থবাণিজ্য চলে, তখন জাহিদের এই নিঃস্বার্থ সেবামূলক প্রশিক্ষণ আমাদের চোখে এনে দেয় এক ধরনের কৃতজ্ঞতার অশ্রু। হয়তো আমরা তাকে খুব সহজেই প্রতিদিনের একজন হিসেবে দেখে থাকি, কিন্তু একদিন তার শূন্যতাই আমাদের বুঝিয়ে দেবে—কতখানি প্রিয় তিনি, কতখানি অপরিহার্য।
শতায়ু অঙ্গনের পক্ষ থেকে এমন একজন মানুষকে প্রশিক্ষকের দায়িত্ব দেওয়া নিঃসন্দেহে এক দূরদর্শী সিদ্ধান্ত। এজন্য আমরা কৃতজ্ঞতা জানাই সংগঠনের প্রাণপুরুষ সভাপতি জাকির উল্লাহ ভাইকে—যিনি নিজেও এক মনেপ্রাণে নিবেদিত মানুষ, সংগঠনের একজন প্রকৃত অভিভাবক। শরীরের সুস্থতা চাইলে, মনকে প্রশান্ত রাখতে চাইলে, এবং দিনের সূচনাকে করতে চাইলে মহিমান্বিত—তাহলে আমাদের সবারই উচিত জাহিদের ব্যায়ামচক্রে অংশ নেওয়া। এমন একজন মানুষকে পেয়েও যদি আমরা তাকে যথাযথভাবে মূল্যায়ন না করি, তবে সেটি হবে আমাদের ব্যর্থতা।
ডা. জাহিদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও শুভকামনা জানিয়ে বলতেই হয়—আপনার এই নিঃস্বার্থ সেবা, প্রাণবন্ত উপস্থিতি আর মমতাময় প্রশিক্ষণ আমাদের জীবনে আশীর্বাদের মতো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews